দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুলি করে পঙ্গু ও আহত করা এবং বিরোধীদলীয় নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতারের প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতাল ও লাগাতার অবরোধের সমর্থনে ময়মনসিংহে মিছিল ও সমাবেশ করে ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপি।

মঙ্গলবার দুপুরে বিএনপির জেলা দক্ষিণ সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে বিএনপির একটি মিছিল শহরের হরি কিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে নতুন বাজার ট্রাফিক মোড়ে পৌছলে পুলিশ বাধা দেয়।

মিছিলটি ঘুরে গঙ্গাদাস গুহ রোডের বাতিরকল মোড়ে পৌঁছালে সেখানেও পুলিশি বাধার সম্মুখীন হয়। পুলিশ বেষ্টনীর মধ্যেই বাতিরকল থেকে নতুন বাজার মোড় এলাকায় তারা মিছিল ও পিকিটিং করে।

মিছিলে বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, যুগ্ম সম্পাদক কাজী রানা ও শাহ শিব্বির আহাম্মদ বুলু, কোষাধ্যক্ষ রতন আকন্দ, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে এম মাহবুবুল আলম, শ্রমিকদলের জেলা সভাপতি আবু সায়িদ, যুবদলের জেলা সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুল হক, স্বেচ্ছাসেবকদলের জেলা সাধারণ সম্পাদক রফিকুল আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যোগদান করেন।

সংক্ষিপ্ত সমাবেশে গ্রেফতারকৃত ২০ দলের সকল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি দাবি ও মিথ্যা, ভিত্তিহীন মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান ময়মনসিংহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

কেএইচ