হঠাৎ করেই বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করেছে ভারত। ফলে দেশের পেঁয়াজের বাজার এখন ঊর্ধ্বমুখী।

শুক্রবার (০৪ অক্টোবর) দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি আমার রাঁধুনিকে বলেছি পেঁয়াজ ছাড়াই খাবার রান্না করতে, খবর এনডিটিভি।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের অন্তর্গত ভারতের অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে গিয়েছেন। সেখানে নিজেদের দেশকে দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির দেশ ও ব্যবসার জন্য আকর্ষণীয় গন্তব্য বলে বর্ণনা করলেন তিনি। এরই সঙ্গে উঠে এল পিঁয়াজের প্রসঙ্গও।  

প্রধানমন্ত্রী বলেন, “পেঁয়াজ পাওয়া আমাদের দেশে কঠিন হয়ে উঠেছে। আমি জানি না আপনারা রফতানি বন্ধ করলেন কেন। আমি আমার রাঁধুনিকে বলেছি পেঁয়াজ ছাড়াই খাবার বানাতে।”

শেখ হাসিনা বলেন, “কোনও বিজ্ঞপ্তি দিলে ভাল হত।” মৃদু হেসে তিনি যোগ করেন, “এমন হঠাৎই এটা বন্ধ করে দেওয়া হল যে ব্যাপারটা খুব কঠিন হয়ে গেল। এর পরে যদি কখনও আপনারা এমন সিদ্ধান্ত নেন, আগে থেকে বিজ্ঞপ্তি দিলে খুব ভাল হয়।”

শুক্রবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, “পেঁয়াজ নিয়ে প্রধানমন্ত্রী হাসিনা কী বলেছেন, সেটা আমাদের চোখে পড়েছে। তার এই উদ্বেগ কীভাবে প্রশমিত করা যায়, কীভাবে এই কনসার্নটা অ্যাকোমোডেট করা যায়, তা আমরা দেখছি।”

এমবি