বাগেরহাটে সুপারি বাগান থেকে কাওছার শেখ (৩৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৩ মার্চ) বিকেলে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামের নিহতের বাড়ির পাশের একটি সুপারির বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের গলায় নিজের জামার হাতা দিয়ে লাগানো ফাঁস ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম।
নিহত কাওছার শেখ যাত্রাপুর গ্রামের আমির আলী শেখের ছেলে। তিনি এলাকায় দিনমজুরের কাজ করতেন।
ওসি আজিজুল ইসলাম জানান, মঙ্গলবার (০২ মার্চ) সন্ধ্যায় যাত্রাপুর বাজারে বসে কাওছারের সঙ্গে কথা হয় তার বাবা আমির আলীর। রাতে বাড়িতে না এলে, খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। কাওছারের মোবাইলটিও বন্ধ পান তার স্বজনরা। পরে দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, ধারণা করছি মঙ্গলবার রাতে যেকেউ গলায় ফাঁস দিয়ে কাওছারকে হত্যা করেছে। আমরা ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছি। আশাকরি যত দ্রুত সম্ভব হত্যাকারীদের শনাক্ত করতে পারবো।
এমবি





