'তারুণ্যে বিনিয়োগ, আগামীর উন্নয়ন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল সারা বিশ্বে পালিত হবে বিশ্ব জনসংখ্যা দিবস।
বিশ্বের অন্যান্য দেশের মত নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও দিবসটি পালিত হতে যাচ্ছে। দিবসটি উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও পরিবার পরিকল্পনা অধিদপ্তর জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
এর মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ইত্যাদি। দিবসের মূল অনুষ্ঠান হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
অনুষ্ঠানে জনসংখ্যা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় মাঠ পর্যায়ে দেশের শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা কর্মী ও সেবা প্রদানকারী সংস্থাসমূহ এবং এফপি মিডিয়া এ্যাওয়ার্ড বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে রেডিও এবং টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান প্রচার, পরিবার পরিকল্পনা অধিদফতর থেকে স্মরণিকা, ব্রোশিউর, লিফলেট, পোস্টার ও বিভিন্ন দৈনিকে ক্রোড়পত্র প্রকাশ করা হবে। ডাক বিভাগের মাধ্যমে একটি স্মরক ডাকটিকেট উন্মোচন করা হবে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্যমতে, ১৯৫১ সালে বাংলাদেশে (তত্কালীন পূর্বপাকিস্তান) জনসংখ্যা ছিল ২ কোটি ৩ লাখ। বর্তমানে দেশের জনসংখ্যা ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার। জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার ১ দশমিক ৩৪ শতাংশ। প্রতি বর্গ কিলোমিটারে এখানে বাস করে ৯৭৯ জন মানুষ।
ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





