চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী নদী থেকে মস্তকবিহীন এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটাস্থ বিজঘাটের বাংলাদেশ আইস ফ্যাক্টরিসংলগ্ন কর্ণফুলী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
শনিবার সকালে চট্টগ্রাম নগর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয়দের খবরের ভিত্তিতে অনুমান ২৫-২৬ বছরের পুরুষের মস্তকবিহীন মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির পরনে সুতির কালো ফুলপ্যান্ট ও গায়ে গোলগলা ছাই রঙের হাফহাতা গেঞ্জি ছিল। মৃত ব্যক্তির গায়ের রং ফর্সা, লম্বা অনুমান ৫ ফুট ৪ ইঞ্চি, লাশের দুই হাতের আঙুলে লালসে ও পচন ধরেছে। ডান ও বাঁ হাতের কবজির ওপরের অংশে ও বুকে লাল দাগ দেখা যায়।
প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, চার-পাঁচ দিন আগে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্রের আঘাতে মস্তক শরীর থেকে বিচ্ছিন্ন করে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে। কেউ উক্ত পুরুষকে শনাক্ত করতে পারলে ভারপ্রাপ্ত কর্মকর্তা, কর্ণফুলী থানা (০১৭১৩-৩৭৩২৭১) বরাবর যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে নগর পুলিশ।
এমই





