কুমিল্লা মহানগরীর পুলিশ লাইন চৌমুহনীতে রোববার দুপুর আড়াইটার দিকে এক আখ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে এক সন্ত্রাসী।
কুমিল্লা কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফিরোজ হোসেন জানান, পুলিশ লাইন চৌমুহনীর বাগদাদ হোটেলের সামনে রিকশা-ভ্যানে এক ব্যক্তি (৪৫) আখ বিক্রি করছিলেন।
দুপুর আড়াইটার দিকে এক দুর্বৃত্ত আখ কাটার দা দিয়ে আখ ব্যবসায়ীর মাথায় ও গলায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই আখ ব্যবসায়ীর মৃত্যু হয়।
এদিকে আখ ব্যবসায়ীকে কুপিয়ে দুর্বৃত্ত রক্তাক্ত দা উঁচিয়ে কান্দিরপাড় হয়ে সালাউদ্দিন হোটেল মোড়ের দিকে যায়। পুলিশ খবর পেয়ে তাকে ধাওয়া করে টমছম ব্রিজের পশ্চিমে সার্ভে ইনস্টিটিউট এলাকায় গিয়ে ঘেরাও করে।
এ সময় সে একটি ডোবায় নেমে নিজেকে লুকাতে চেষ্টা করে। পুলিশ তিন রাউন্ডগুলি করে তাকে আটক করে। আহত দুর্বৃত্তকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে আখ ব্যবসায়ী ও দুর্বৃত্তের পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া হত্যাকাণ্ডের কারণও পুলিশ জানাতে পারেনি।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





