খাগড়াছড়ির মহালছড়িতে হরতাল বিরোধীরা উপজেলা বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ ছাড়াও দীঘিনালায় হরতাল বিরোধীদের হামলায় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল হক রনিসহ দুইজন আহত হয়েছে। ২০ দলীয় জোটের সোমবার ডাকা দেশ ব্যপী সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে এ ঘটনা ঘটে।
বিএনপি অফিস ভাঙচুরের প্রতিবাদে মঙ্গলবার মহালছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রদল।
মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. হোসেন বাবু অভিযোগ করে বলেন, সোমবার দুপুর পৌনে ১২ দিকে আওয়ামী লীগ কর্মীরা লাঠিসোটা নিয়ে উপজেলা বিএনপির অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
দীঘিনালা উপজেলার মেরুংয়ে হরতাল বিরোধীদের হামলায় উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হক জনি, ছাত্রদলকর্মী মো: বাবলু ও যুবদলকর্মী শফিকুল ইসলাম আহত হন।
দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন।
এদিকে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত সহ-সাংগঠনিক সম্পাদক এম এন আবছার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ও সদর উপজেলা বিএনপির সভাপতি অনিমেষ দেওয়ানের নেতৃত্বে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান নেয়। তারা পুলিশি বাধা উপেক্ষা করে হরতালের সমর্থনে মিছিল ও পিকিটিং করে।
হরতালের কারণে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরে রিকশা ও অটোরিকশা চলাচলও বন্ধ রয়েছে। খোলেনি দোকানপাটও। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছে সর্তক অবস্থায়।
এমকে





