কিশোরগঞ্জ জেলা সদরের পৌর এলাকায় ট্রেনে কাটা পড়ে প্রান্ত (১২) নামে সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের শোলাকিয়া আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

সে পৌর শহরের উকিলপাড়া এলাকার মুসা মিয়ার ছেলে। প্রান্ত কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।

এলাকাবাসী জানায়, প্রান্ত রাতে হয়তো রেললাইনে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ ট্রেন এসে তার উপর দিয়ে চলে যায়। এ সময় তার পা দুটি ট্রেনে কাটা পড়ে। স্থানীয়রা রেললাইনে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পরিবারের লোকজন প্রান্তের লাশ শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এএইচ