কক্সবাজার জেলার অন্যতম বৃহত্তম বাণিজ্য কেন্দ্র সদরের ঈদগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে শুরু হওয়া এ অগ্নিকাণ্ডে বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পার্শ্বস্থ গলির ৮-১০টি দোকান ভস্মীভূত হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আগুনে আলম গার্মেন্ট স্টোর, একতা ফ্যাশনসহ ৮-১০টি ডিপার্টমেন্টাল স্টোর ও জুয়েলারি দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা ব্যবসায়ীদের। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে কক্সবাজার ফায়ার সার্ভিসকে ফোন দেয়া হয়। কিন্তু প্রায় দেড় ঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপক দল। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় সবকিছু।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় সাড়ে পাঁচটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।
এমএনজে





