কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাকুরিয়া হাওরে ইঞ্জিনচালিত একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন ৩ যাত্রী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের কাকুরিয়া হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ যাত্রীরা হলেন, জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের আব্দুল রহাইয়ের ছেলে আফতাব (৩০), জামাল মিয়ার ছেলে সোহেল (৩০) এবং একই এলাকার রজব আলী।

এলাকাবাসী ও পুলিশ জানায়, অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রামের সাহেব বাড়িতে ওরস অনুষ্ঠান থেকে ভোরে  ৯ যাত্রী নিয়ে ঘাগড়া রওয়ানা দেয় নৌকাটি।

পথে কাকুরিয়া হাওরে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এতে বাকি যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ রয়েছেন ৩ জন।

অষ্টগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) রাজীব চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, তারা ঘটনাটি শুনেছেন। তবে ঘটনাস্থল হাওর এলাকা হওয়ায় পুলিশ এখনো সেখানে পৌঁছাতে পারেনি।

এদিকে, স্থানীয়রা নিজ উদ্যোগে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছে বলে জানা গেছে।

ইআর