কুমিল্লার বুড়িচং উপজেলায় নাজমুল হাসান (১৫) নামে এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার কোরপাই শান্তামুড়া এলাকা থেকে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নাজমুলের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নাজমুল চান্দিনা উপজেলার মধ্যমতলা গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে। সে চান্দিনা গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নাজমুল পড়াশুনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে নিজের লেখাপড়া ও পরিবারের খরচ চালাতেন। স্কুল বন্ধ থাকায় শুক্রবার সকালে নাজমুল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে নাজমুল বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে নাম্বারটি বন্ধ পায়।তারা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও নাজমুলের সন্ধান পায়নি।
পুলিশ আরও জানায়, বুড়িচং উপজেলার কোরপাই শান্তমুড়া এলাকায় একটি শ্যালো মেশিন ঘরের পেছনে শনিবার সকালে গলাকাটা এক কিশোরের লাশ দেখে স্থানীয়রা দেবপুর ফাঁড়ি পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ফাঁড়িতে আসে। পরে নাজমুলের পরিবারের সদস্যরা থানায় গিয়ে লাশটি সনাক্ত করেন।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইমাম হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।
কেএইচ





