কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার রাস্তা এখন মরণফাঁদ। স্থায়ী সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল পড়ে আছে সড়কটি।
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সীমানা পর্যন্ত আঞ্চলিক সড়কে পাথর উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের সাড়ে ১৭ কিলোমিটার যেতে সময় লাগছে কমপক্ষে দেড় ঘণ্টা। প্রায় বিকল হচ্ছে যানবাহন। ঘটছে দুর্ঘটনা।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারী বর্ষণে সড়কে গর্ত হয়ে যাচ্ছে। বড় ধরনের প্রকল্প ছাড়া এ সড়ক টেকানো সম্ভব নয়।
সরেজমিনে দেখা যায়, দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর এই সড়কের দুই পাশে পড়েছে। প্রতিদিন এ সড়কে কয়েক শ ট্রাক ও চুয়াডাঙ্গাগামী অসংখ্য যানবাহন চলাচল করে।
সড়কের কবুরহাট, খাজানগর, আইলচারা, নলকোলা, হালসা ও ফকিরাবাদ এলাকা মরণফাঁদে পরিণত হয়েছে। এসব জায়গায় পাথর উঠে চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও উঁচু আবার কোথাও নিচু হয়ে গেছে। গর্তের ভেতরে পানি থাকায় বোঝার উপায় নেই গভীরতা কত। এসব গর্তে অনেক যানবাহন বিকল হয়ে পড়ছে। মাঝে মধ্যে অটোবাইক, রিকশা-ভ্যান উল্টে হতাহত হচ্ছে যাত্রীরা।
প্রাইভেট কারের চালক আমজাদ হোসেন ক্ষোভের সঙ্গে বলেন, সড়কে এত বড় গর্ত থাকায় ঝাঁকুনিতে গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ৫০ গজ সড়কও চলাচলের উপযোগী নেই।
বাসচালক দুলাল হোসেন বলেন, রাস্তার যে অবস্থা, তাতে প্রতিদিনই বাসের কিছু না কিছু সমস্যা হচ্ছে। আর দ্রুত চালাতে গেলে যাত্রীদের কাছ থেকে গালি শোনা লাগে।
আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা শাহিন আলী। তিনি কুষ্টিয়া সরকারি কলেজে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষে পড়েন। বাড়ি থেকে কলেজে আসতে তার প্রায় আড়াই ঘণ্টা লেগে যায়। সড়ক ভালো থাকলে এক ঘণ্টা যাওয়া সম্ভব বলে তিনি জানান।
কুষ্টিয়া সওজের উপ-সহকারী প্রকৌশলী খাদেমুল ইসলাম বলেন, মাঝে মধ্যে সড়ক অস্থায়ীভাবে সংস্কার করে কোটি টাকা খরচ করা হয়েছে। এখন সেই সড়ক চলাচলের অনুপযোগী। বড় ধরনের প্রকল্প ছাড়া সড়ক ভালো করা কোনো ভাবেই সম্ভব নয়।
সওজের নির্বাহী প্রকৌশলী ইকবাল মেহেদী বলেন, সড়ক সংস্কারের জন্য প্রায় ১৩ কোটি টাকার একটা প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জনপ্রতিনিধিরা উদ্যোগী হলে আশা করা যাচ্ছে, খুব দ্রুত সড়কটির ব্যাপক উন্নয়ন করা যাবে।
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





