রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাসার রান্না ঘরের গ্যাসপাইপ বিস্ফোরিত হয়ে দগ্ধ ৫ জনের মধ্যে শালিন বিন নেওয়াজ (১৫) নামের এক কিশোর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছে।

শরীরের ৮৮ শতাংশ পুড়ে যাওয়া শালীন বিন নেওয়াজ শুক্রবার বিকেল ৫টায় হাসপাতালের আইসিইউতে মারা যায়।

এর আগে, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৮ নম্বর বাড়ির সপ্তম তলার রান্না ঘরের গ্যাসপাইপ বিস্ফোরিত হয়ে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ হন।

নিহত শালীন উত্তরা রাজউক স্কুলের দশম শ্রেণির ছাত্র। দগ্ধ বাকিরা হলেন- তার বাবা মো. শাহ নেওয়াজ (৫০), স্ত্রী সুমাইয়া বেগম (৪০), ছেলে জারিফ (১১) ও জারান (১৪ মাস)।

স্থানীয়রা জানান, শাহনেওয়াজ আমেরিকান অ্যাম্বাসির মেইনটেন্যাস্ট ইঞ্জিনিয়ার। সকালে তার স্ত্রী সুমাইয়া বেগম রান্না করতে যান। হঠাৎ গ্যাসপাইপ বিস্ফোরিত হয়ে ঘরে আগুন লেগে যায়। আগুনে একই পরিবারের ৫ জন গুরুতর দগ্ধ হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসে।

এমএম