মোহাম্মদপুরে এক ট্রাকচালককে পুলিশে মারধর করেছে। ট্রাফিক পুলিশের সিগনাল অমান্য করায় এ মারধর করে। এ ঘটনার জের ধরে রাজধানীর মোহাম্মদপুর ট্রাকস্ট্যান্ড এলাকায় পুলিশ ও ট্রাক শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকচালকদের সড়ক অবরোধের কারণে ওই এলাকায় দুই ঘন্টা যানচলাচল বন্ধ থাকে।

শুক্রবার সকালে মোহাম্মদপুর গ্লাসফ্যাক্টরি সংলগ্ন ময়ূর ভিলার পাশের ট্রাক স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক জানান, শুক্রবার সকালে এক ট্রাকচালক ট্রাফিক পুলিশের সিগনাল অমান্য করে ট্রাকটি নিয়ে দ্রুত যেতে থাকে। পুলিশ ট্রাকটিকে থামানোর জন্য বারবার অনুরোধ করেন। তারপরও চালক সিগনাল অমান্য করে যেতে থাকলে পুলিশ ব্যারিকেট দিয়ে ট্রাকটিকে থামায়।
তিনি আরো জানান, এ সময় পুলিশের সঙ্গে চালক তর্কে জড়িয়ে পড়েন। তিনি ফোন করে আরো ট্রাকচালক জড়ো করেন। পরবর্তীতে তারা সড়কের ওপর আড়াআড়ি করে ট্রাক রেখে অবরোধ করে রাখেন।
ওসি জানান, বর্তমানে ট্রাকচালকদের নির্বাচন চলছে। এ নিয়ে চালকদের একটি পক্ষ ঝামেলা পাকিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, পুলিশ আর ট্রাক চালকের মাঝে বাগবিতণ্ডা চলার সময় পুলিশ কয়েক চালককে বেধরক মারধর করেন। এ সময় দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ওসি আরো জানান, তবে মেজর কোন ঝামেলা হয়নি। চালকরা কিছু সময় সড়কে অবস্থান করেছিল। পরবর্তীতে তাদের সঙ্গে আলোচনা করে সড়ক যান চলাচলের উপযোগী করা হয়।
ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ