জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্তের ২৭৬/৮ সাব-পিলার সংলগ্ন এলাকার পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র অতর্কিত গুলিতে একজন নিহত এবং পাঁচ বাংলাদেশী আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সায়েম। আহতরা হলেন— পরিমল চন্দ্র, ফারুক, বিদুৎ, নির্মলচন্দ্র ও হাজরা বেগম। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সায়েমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুর রহমান জানান, গুলিবিদ্ধ পাঁচজন ভর্তি হয়েছিল। তাদের মধ্যে সায়েম আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বগুড়ায় পাঠানো হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক সায়েমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আহত ও স্থানীয়দের বরতা দিয়ে জানান, পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের সীমান্ত ঘেষা একটি পুকুরে দুই শিশুর মাছ ধরাকে কেন্দ্র বিএসএফ তাদের ধাওয়া করে। গ্রামবাসীরা এর প্রতিবাদ করলে বিএসএফ সদস্যরা সংঘবদ্ধ হয়ে ওই গ্রামে প্রবেশ করে অতর্কিতভাবে গুলি ছোড়ে। বিএসএফের ছোড়া গুলিতে পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের পরিমল চন্দ্র, ফারুক, বিদুৎ, নির্মলচন্দ্র, হাজরা বেগম ও সায়েম গুলিবিদ্ধ হন।
জয়পুরহাট-৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং আসল ঘটনা তদন্তে ৩ বিজিবির অপারেশন অফিসার মেহেদী ইমাম রুমীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বিএসএফের সঙ্গে বৈঠক করে বিস্তারিত জানাবেন।
জেআই





