সুনামগঞ্জের জামালগঞ্জে শ্রমিকবাহী টেম্পু উল্টে ওয়াজিদ উল্লাহ (৫২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৯ শ্রমিক।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কাঠইর-জামালগঞ্জ সড়কের জাল্লাবাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াজিদ উল্লাহ জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের সাচনা গ্রামের ইউছুফ উল্লাহর ছেলে।

জামালগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ১০ থেকে ১২ জন পাথর শ্রমিক জেলার ছাতক থেকে একটি টেম্পু রিজার্ভ করে জামালগঞ্জ যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে কাঠইর-জামালগঞ্জ সড়কের জাল্লাবাজ এলাকায় টেম্পুটি মোড় নেওয়ার সময় হঠাৎ উল্টে সড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই ওয়াজিদ উল্লাহ নিহত ও ৯ জন আহত হয়। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

কেএইচ