রাজধানীতে অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করছেন চালকরা। আজ (রোববার) সকাল থেকে রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় হাতে লাঠি নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন তারা।

রোববার (১৯ মে) সকাল ১০টা থেকে মিরপুর-১ ও ১০ নম্বর এবং আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন অটোরিকশাচালকরা।

অটোরিকশাচালকদের রাস্তা অবরোধ করার কারণে এসব এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে মিরপুরের বিভিন্ন এলাকায় লম্বা যানজটের সৃষ্টি হচ্ছে।

এদিকে পুলিশ সূত্রে জানা যায়, মিরপুরের বেশ কয়েকটি স্থানে অটোরিকশাচালকরা সড়ক অবরোধ করে রেখেছেন। তারা লাঠি হাতে রাস্তায় নেমে অবরোধ করছেন। এসময় তারা সড়কে যান চলাচল করতে দিচ্ছেন না। আন্দোলনকারীরা তাদের দাবি না মানা পর্যন্ত রাস্তায় থাকবেন বলছেন।

সড়ক অবরোধের বিষয়ে রাজধানীর মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ বলেন, মিরপুরের বিভিন্ন এলাকা থেকে অটোরিকশাচালকরা মিরপুর-১০ নম্বর চত্বরে এসে জড়ো হচ্ছেন। তারা লাঠি হাতে নিয়ে রাস্তা অবরোধ করে রেখেছেন। তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের (অটোরিকশাচালক) রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ কাজ করছে।

মেট্রো স্টেশনের প্রবেশপথে তালা

ঢাকা মহানগরীতে অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর আগারগাঁও ও মিরপুর ১০ নম্বরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে চালকেরা। সকাল সাড়ে ১০টার দিকে তারা বিক্ষোভ শুরু করে।

পরে তারা মিরপুর-১ নম্বরের সনি সিনেম হলের সামনে অবস্থান নেন। এ সময় রাস্তা আটকে যান চলাচল বন্ধ করে দেন তারা।

এ সময় সরেজমিনে দেখা যায়, মিরপুর ১০-এর গোলচত্বরে রাস্তা আটকে বিক্ষোভ করছেন চালকরা। কিছুদূরে একদল পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এ সময় মিরপুর ১০ এ মেট্রোরেল স্টেশনের সিঁড়িতে তালা দিয়ে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। প্রবেশপথে তালা দেওয়ার কারণে এ সময় মেট্রোরেলের কোন যাত্রী সিড়ি দিয়ে উঠতে ও নামতে পারেননি। ভেতরেই আটকে পরেন অফিসগামী অনেক যাত্রী।

এর আগে ঢাকা মহানগরীতে ব্যাটারি অথবা মোটরচালিত রিকশা বা ভ্যান এবং রং চটা, জরাজীর্ণ, লক্কড়-ঝক্কড় মোটরযান চালানো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

বিআরটিএ জানায়, ব্যাটারি অথবা মোটরচালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি-হুইলারএর কারণে ঢাকা মহানগরীতে সড়ক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। ফিটনেসের অনুপযোগী, রংচটা, জরাজীর্ণ ও লক্কড়-ঝক্কড় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ গণ্য করে ঢাকাতে ফিটনেসবিহীন অটরিকশা বন্ধ করার জন্য নির্দেশ দেয়া হয়। অন্যথায়, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।