সংসদীয় সীমানা পরিবর্তনের পক্ষে-বিপক্ষে ৬০টি আসনে ৬২১টি আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে, এর মধ্যে ৪০৪টি আপত্তি জানানো হয়।
চলতি মাসে এ আবেদনগুলোর দাবি-আপত্তি শুনানি শেষে সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া তালিকা প্রকাশ করে ইসি।
খসড়ায় ৪০ আসনে পরিবর্তনের কথা বলা হয়েছে। এসব পরিবর্তনে আপত্তি জানিয়ে ইসিতে আবেদন করে ক্ষমতাসীন দলের মন্ত্রী ও এমপিসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় জনপ্রতিনিধিরা।
ইসি কর্মকর্তারা জানান, ১৬টি জেলার ৬০টি আসন থেকে ৬২১টি আবেদন আসে। এর মধ্যে বর্তমান সীমানায় আপত্তি জানিয়ে আবেদন পড়েছে ৪০৪টি, সীমানা পরিবর্তনে সহমত পোষণ করেছে ২১৭টি।
আগের সীমানা বহাল রাখতে আবেদন করেছেন চারজন মন্ত্রী ও ১৫ জন এমপি । অন্যদিকে সীমানায় পরিবর্তন চেয়েছেন তিনজন মন্ত্রী ও সাতজন এমপি। এসব মন্ত্রী-এমপিরা আবেদনের পাশাপাশি কমিশনারদের সঙ্গে দেখা করছেন।
বর্তমান সীমানা পরিবর্তন চেয়ে আবেদনের মধ্যে রংপুরে ৬২টি, রাজশাহীতে ৪৫টি, খুলনায় ৪৩টি, বরিশালে ৮টি, ঢাকায় ৮২টি, সিলেটে ১৩২টি ও চট্টগ্রামে ৩২টি।
ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, “৪০টি আসনে পরিবর্তন আনা হলেও আমরা ৬০টি আসনের চার শতাধিক আপত্তি আবেদন পেয়েছি। কমিশনের সিদ্ধান্ত পেলে শিগগির বিভাগীয় পর্যায়ে শুনানি শুরু হবে।”
ইসি কর্মকর্তারা জানান, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া তালিকা দাবি-আপত্তি শুনানির জন্য বিভাগ অনুযায়ী নথি উপস্থাপনের প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহের শুনানি হতে পারে। তবে আবেদন দেখে কমিশন সিদ্ধান্ত দেবে কিভাবে এবং কবে থেকে সীমানা পুনর্নির্ধারণে এসব দাবি-আপত্তির শুনানি শুরু করা হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে আগামী ৩০ এপ্রিল গেজেট আকারে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে ইসির।





