বাংলাদেশ সুপ্রীমকোর্ট চত্বরে গ্রীক দেবীর মূর্তি পূনঃস্থাপনের প্রতিবাদে এবং দ্রুত অপসারণের দাবিতে নড়াইলে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার আয়োজনে শহরের পূরাতন বাসটার্মিনাল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। তবে পুলিশের বাঁধার কারনে মিছিল করতে পারেনি। পরে ওই স্থানেই দাড়িয়ে বিক্ষোভ করে। সমাবেশে ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সভাপতি মাও. খায়রুজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা করেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মো. আইয়ুব হোসেন মিনা, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাছিরুদ্দিন প্রমুখ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আলেম ওলামাদের দাবির প্রেক্ষিতে সুপ্রীম কোর্ট চত্বর থেকে গ্রীক দেবীর মূর্তি অপসারণ করা হলেও অদৃশ্য ইশারায় তা পুনঃস্থাপন করা হয়েছে। বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ হলেও এদেশে ইসলাম বিরোধী কার্যকলাপই বেশি চলছে। এসব কর্মকান্ডকে আলেম সমাজ মেনে নেবে না।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, নৌকাকে ঘিরে বিভিন্ন দলের যেসব নাস্তিক নেতারা রয়েছে, তারা নৌকাকে ডুবানোর জন্যই বসে আছে। তাদেরকে এলাকায় গিয়ে নির্বাচন করতে বলুন, ইউনিয়ন পরিষদের একজন মেম্বর হওয়ার যোগ্যতাও তাদের অনেকেরই নেই। বক্তারা, অবিলম্বে সুপ্রীমকোর্ট চত্বর থেকে গ্রীক দেবীর মূর্তি অপসারণের দাবি জানান।
বিক্ষোভ কর্মসূচিতে ইসলামী আন্দোলনের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
হুমায়ুন/এমবি





