ঢাকার দুই সিটি করপোরেশনের নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ প্রকাশ করা হয়েছে।

পাট অধিদপ্তরের মাহাপরিচালক রাখাল চন্দ্র বর্মনকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শওকত মোস্তফাকে দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। আইনে প্রশাসকদের মেয়াদ ছয় মাস হলেও নিয়োগের আদেশে মেয়াদের বিষয়টি উল্লেখ করা হয়নি।

গেল মন্ত্রিসভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদায়ী প্রশাকদের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হলেও তা ফেরত পাঠানো হয়।

বিদায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্বে থাকা মো. ফারুক জলিলকে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগে এবং দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. ইব্রাহিম হোসেন খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব এসএম শফিক বলেন, ‘আমরা নিয়োগ দিয়েছি। মেয়াদ নির্ধারণ করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।’

গত মন্ত্রিসভায় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে প্রশাসকদের মেয়াদ না বাড়াতে মত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জানুয়ারিতে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের ঘোষণা দিতে বলেছেন। সোমবারের ওই বৈঠক শেষে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মন্ত্রী সাংবাদিকদের জানান, ‘স্থানীয় সরকার অধ্যাদেশ-২০১৪ এর খসড়া অনুমোদনের জন্য সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে উত্থাপন করা হলে তা প্রধানমন্ত্রী ফিরিয়ে দিতে বলেছেন।’

উল্লেখ্য, ২০০২ সালের এপ্রিলে ভোটের পর ২০০৭ সালের মে মাসে অবিভক্ত ডিসিসির নির্বাচনের মেয়াদ শেষ হয়।

ইআর