২৪ ঘণ্টায় কক্সবাজারের টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে তিন হাজার ২১৫ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করে মিয়ানমারে বিজিবি ও কোস্টগার্ড। ফেরত পাঠানো রোহিঙ্গাদের মধ্যে নারী ও শিশুরাও ছিল।
আইনশৃঙ্খলা বাহিনী রোহিঙ্গাদের বহনকরা ২৫টি নৌকাও জব্দ করেছে।
মঙ্গলবার বেলা ১টার দিকে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম দুই হাজার ৬৭৮ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কথা জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় উপজেলার হোয়াইক্যং, হ্নীলা, সদর ও সাবরাং ইউনিয়নের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে তাদের আটক করা হয়।
পরে মানবিক সহায়তা দিয়ে তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. জাফর ইমাম সজিব বলেন, নাফ নদী হয়ে অনুপ্রবেশকালে ৫৩৭ জন রোহিঙ্গাকে আটকের পর মানবিক সহায়তা দিয়ে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।
তিনি জানান, এ রোহিঙ্গাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। এ সময় ২৫টি নৌকাও জব্দ করা হয়।
উল্লেখ্য, প্রতিদিনের মতো মঙ্গলবারও সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে হাজার হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করছে।
এ রোহিঙ্গারা মোচনী, নয়াপাড়া, লেদা, কুতুপালং ও বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে।
জারিফ





