খুলনা মেট্টোপলিটনের (কেএমপি) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শেখ জয়নুদ্দীনের সম্পদ বিবরণীর নোটিশ  জারির জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে অনুমতি চেয়েছেন উপ-পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা যতন কুমার রায়।
দুদকের এই কর্মকর্তা  কেএমপি সহকারী পুলিশ কমিশনার শেখ জয়নুদ্দীনের অবৈধ সম্পদের প্রাথমিক অনুসন্ধান শেষে দুদকে প্রতিবেদন জমা দিয়েছে। তবে শিগগিরই দুদক ওই পুলিশ কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠাচ্ছে।
দুদক সূত্র জানায়, পুলিশের এই কর্মকর্তা গত ৫ বছরে নিজের নাম এবং ‘এস.এম. নূরুল্লাহ’ ছদ্মনাম ধারণ করে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন। এসব অ্যাকাউন্টে তিনি সাড়ে ৬ কোটি টাকা লেনদেন করেন। ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে প্রতারণা মূলকভাবে সঞ্চয়পত্র ক্রয়-বিক্রয় করেন। চাকরিজীবনের গত ৯ বছরে বিপুল অর্থ-বিত্তের মালিক হলেও আয়কর নথিতে তা প্রদর্শন করেননি।
বীমা কোম্পানী: এদিকে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লালমনিরহাট শাখার কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রাহকের পরিশোধিত বীমা প্রিমিয়ামের ১৮ লাখ ৩৭ হাজার টাকা আত্মসাতের ঘটনায়  অনুসন্ধান শুরু করেছে দুদক।
গত ১৬ এপ্রিল এই অভিযোগটি দুদকে আসে। পরে পর্যালোচনা শেষে দুদকের নিয়মিত সভায় এই বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের  দায়িত্ব দেয়া হয়েছে।
তিতাস গ্যাস:  নারায়ণগঞ্জ ‘সান নিটিং অ্যান্ড প্রসেসিং লি. ও ‘সান ফেব্রিকস লি.’ নামের ২টি প্রতিষ্ঠান মালিকের স্বাক্ষর জাল করে তিতাস গ্যাস সংযোগ স্থানান্তরের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক।
গত২২ এপ্রিল এই জালিয়াতির অভিযোগটি দুদকে আসে। পরে যাচাই বাছাই শেষে তিতাস গ্যাস কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনিয়ম এবং দুর্নীতির অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছে সমন্বিত ঢাকা বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাদের।  
আশুলিয়া: এছাড়া আশুলিয়ার আউটপাড়া মৌজায় নওয়াব এস্টেটের মালিকানাধীন কোর্ট অব ওয়ার্ডসের কয়েক শত কোটি টাকা মূল্যের জমি জাল দলিলের মাধ্যমে আত্মসাতের অভিযোগে ওই এলাকার ভুমিদস্যূ শহিদুল্লাহ দেওয়ান গংয়ের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
[b]ঢাকা,একে, ২৫মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]