ক্ষণে ক্ষণে উৎকণ্ঠা ছিলো, ছিলো উদ্বেগ। কিন্তু সব উবে গিয়ে খুলনা জুড়ে এখন কেবলই উচ্ছ্বাস-উল্লাস-আনন্দ। এ আনন্দ ক্রিকেটের, এ আনন্দ বাংলাদেশের। এ আনন্দ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ জয়ী টাইগার ক্রিকেট দলের।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের পর দর্শকরা স্টেডিয়াম থেকে বের হয়ে বাংলাদেশ, বাংলাদেশ স্লোগান দিতে দিতে মিছিল করে বাড়ি ফেরে।
সিরিজ জয়ের আনন্দে খুলনার স্টেডিয়াম পাড়া থেকে শুরু করে প্রতিটি ওলিগলিতে চলছে আনন্দ মিছিল। রং মাখামাখিতে মাতোয়ারা ক্রিকেটাপ্রেমীরা। আর আনন্দের সেই স্রোত মুহূর্তেই পৌঁছে গেছে সারা বাংলায়।
শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ১৬২ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করলো বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় পাওয়ায় দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয়ের প্রত্যাশা ছিলো টাইগারদের। সাকিবের অসাধারণ পারফরম্যান্সে সহজেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ। আর এ জয়ে খুলনাবাসীর সঙ্গে সারা দেশে চলছে আনন্দ উল্লাস।
জেআই





