গোপালগঞ্জে তেলবাহী ট্রাক উল্টে মো. জালাল (৩৫) নামে হেলপার নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জালাল খুলনার খালিশপুর ৭নং ঘাট এলাকার মো. আব্দুল জলিলের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক শাহ আলম জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী তেলবাহী ট্রাকটি ওই স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠিয়ে দেয়।

এতে ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে গিয়ে দুমড়েমুচরে গেলে নিচে চাপা পড়ে হেলপার জালাল ঘটনাস্থলেই মারা যান।

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। ঘটনার পর চালক পালিয়ে গেছে। এ ঘটনার পর মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

এমই