ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থেকে নিখোঁজের দুই দিন পর শেরপুরের নালিতাবাড়ী থেকে ভাড়ায় মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে (১৫ এপ্রিল) তার লাশ উদ্ধার করা হয়। নিহত মোটরসাইকেল চালকের নাম রুকন মিয়া (২৩)। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভবনকুড়া ইউনিয়নের তেলিখালি গ্রামের মো. ফজলুল হকের ছেলে।

আটককৃতরা হলেন-নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া গ্রামের হাফিজুল ইসলাম (১৮), আশরাফুল হক (২০) ও জাহেদুল ইসলাম (২৫)। তাদের হালুয়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ, নিহতের পরিবার ও জনপ্রতিনিধিরা জানান, গত ১৩ এপ্রিল বুধবার রাত সাড়ে ৯টার দিকে রুকনের মোটরসাইকেল ভাড়া নেন নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া গ্রামের হাফিজুল ইসলাম, আশরাফুল হক ও জাহেদুল ইসলাম। রাতে রুকন বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও আত্মীয়রা তাকে খুঁজতে থাকেন। তাকে কোথাও না পেয়ে রুকনের বাবা ফজলুল হক বাদী হয়ে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) হালুয়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বিষয়টি রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আলমকে জানানো হয়। চেয়ারম্যানের নেতৃত্বে শুক্রবার সকালে বিশগিরিপাড়া বাজারে হাফিজুল, আশরাফুল ও জাহেদুলসহ তার পরিবারকে ডাকা হয়। এক পর্যায়ে তারা হত্যা করার কথা স্বীকার করেন। পরে তাদের কথামত শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত খোঁজাখুঁজির এক পর্যায়ে নালিতাবাড়ী উপজেলার বেলতৈল এলাকার রাজারামকুড়া মহাশ্মশানের পাশের ক্ষেত থেকে মাটিচাপা দেয়া রুকনের লাশ উদ্ধার করা হয়।

নালিতাবাড়ি থানার ভারপাপ্ত কর্মকর্তা ফসিহুর রহমান জানান, ঘটনাস্থল যেহেতু ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে তাই সন্দেহভাজন আসামিদের হালুয়াঘাট থানায় সোপার্দ করা হয়েছে এবং সেখানেই মামলা দায়ের করা হবে।

এমই