গাজায় ইসরাইলী বাহিনীর অব্যাহত হামলার প্রতিবাদে সাভারে মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের তুরাগ ব্রিজের নিকট গিয়ে শেষ হয়। পরে ব্রিজের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আন নাদিল ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচিতে কয়েক শ মুসল্লি ও এলাকাবাসী অংশ নেয়। সকালে ১০টায় ভাকুর্তা, তুরাগ, মোগড়াকান্দা, ডোমরাকান্দা, শ্যালমাসী, শ্যামলাপুর ও কেরানীগঞ্জের তারানগরসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে তুরাগ ভাকুর্তা ব্রিজের নিকট এসে জড়ো হয় প্রতিবাদী মানুষ। এসময় তারা গাজায় ইসরাইলী আগ্রাসন বন্ধে বিশ্ব নেতাদের প্রতি উদাত্ত আহবান জানান।

এরপর তারা ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে হাতে হাত ধরে মানববন্ধন কর্মসূচি পালন করে।

কর্মসূচি পালনকালে বক্তারা ইসরাইলের প্রতি ঘৃণা প্রকাশ করে বলেন, ইসরাইলী বাহিনী গাজাসহ ফিলিস্তিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্বর হামলা চালাচ্ছে। গুলি করে পাখির মতো মানুষ মারছে। হামলা থেকে রেহাই পাচ্ছে না নারী ও শিশুরাও। ক্ষেপনাস্ত্র হামলায় বিদ্যালয় বা উপসানালয়ও রেহাই পাচ্ছে না। অবিলম্বে এ হামলা বন্ধ না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা। এ সময় সমাবেশ থেকে তারা ইসরাইলি পণ্য বর্জন করার আহবান জানান।

সর্বশেষে ফিলিস্তিনের জনগণের প্রতি আল্লাহর রহমত ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

ঢাকা, ৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম) // জেআই