কমিশন সভায় নিবার্চন পেছানোর বিষয়টি আলোচনা হবে, সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ।
বুধবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে আওয়ামী লীগের প্রতিনিধি দল ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেরপর সাংবাদিকদের এইসব কথা বলেন তিনি।
হেলালুদ্দীন আহমেদ বলেছেন, নির্বাচন জানুয়ারিতে হলে অনেক সমস্যা হবে। তবু নির্বাচন পেছানোর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। কমিশন সভায় নিবার্চন পেছানোর বিষয়টি আলোচনা হবে, সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
নির্বাচন কমিশন সচিব বলেন, নয়াপল্টনের বিষয় খতিয়ে দেখবে কমিশন।
এর আগে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল দেখা করেন নির্বাচন কমিশনের সঙ্গে। এসময় তারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩ সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এছাড়া, কিছু দাবি নির্বাচন কমিশনের কাছে জানান। কমিশন তাদের এই দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছিলেন ড. কামাল।
পরে এদিন সন্ধ্যায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের নেতৃত্বে প্রতিনিধি দল দেখা করেন নির্বাচন কমিশনের সঙ্গে। এসময় তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ যেন আর পেছানো না হয় সেই দাবি জানান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক এই উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “আমরা নির্বাচন কমিশনকে পরিষ্কার বলেছি, ৩০ তারিখ পর্যন্ত নির্বাচন পিছিয়েছেন। আর নয়। একদিন নয়, এক ঘণ্টাও নয়।”
এমবি





