কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনে এক চিকিৎসকের বাসার বাথরুম থেকে আকলিমা আক্তার (১৫) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

জানা যায়, আকলিমা আক্তার নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পশ্চিম বিল কাকরাকান্দা গ্রামের জাহের আলীর মেয়ে। আকলিমার সাথে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের সহকারীর সাথে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সূত্র ধরে কোন কারণে সে আত্মহত্যা করতে পারে বলে পুলিশের ধারণা।

পুলিশ সূত্র জানায়, আকলিমা প্রায় দুই বছর ধরে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদা আক্তার শিরিনের বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিল।
বুধবার বিকালে সে বাথরুমে প্রবেশ করে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ডাক্তারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। খবর পেয়ে রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে কৃষ্ণচুড়া নামের ৪র্থ তলা ভবনের ২য় তলার বাথরুমের দরজা ভেঙ্গে পুলিশ ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ডা. মাহমুদা আক্তার শিরিন জানান, আকলিমার প্রেমের বিষয়টি এখন বিভিন্ন জনের নিকট শুনতে পাচ্ছি, কিন্তু আমি নিশ্চিত নই। সে বাথরুমে গিয়ে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।

চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে। আত্মহত্যার কি কারণে করেছে পুলিশ সঠিক ভাবে নিশ্চিত নয়।

তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের সহকারীর সাথে গৃহকর্মীর প্রেমের সম্পর্ক ছিল। ঘটনাস্থলে গিয়ে পুলিশের প্রাথমিক তদন্তে এমনটি জানা গেছে। মরদেহ ময়নাতদন্ত করার জন্য লাশ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাসেল/এমআর