বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে রোববার রাতে ভারত থেকে চোরাই পথে আসা প্রায় ২ টন চা-পাতা ও ৮০ কেজি কারেন্ট জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কোনো চোরাচালানীকে আটক করা যায়নি।
নৌকাযোগে ভারত থেকে পাচার হয়ে আসা এসব পন্য বেনাপোলের দৌলতপুর সীমান্তের ইছামতি নদী পার হয়ে আসার পর তীর থেকে এসব পণ্য জব্দ করেন বিজিবি’র ২১ ব্যাটালিয়নের সদস্যরা।
২১ বিজিবি’র কমান্ডিং অফিসার লে: কর্ণেল আরিফুর রহমান জানান, ভারত থেকে নদী পার হয়ে দৌলতপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমান চোরাচালানী পন্য পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৮শ ৪৩ কেজি চা-পাতা ও ৮০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। যার মূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে বিজিবি জানায়। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
নাসের/এমএনজে





