চট্টগ্রামের লালদীঘির মাঠে ১৪ দলের সমাবেশে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলাকারী আরো দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- আহমেদ হোসেন সানি (১৮) এবং আনন্দ দাশ (১৬)।
রোববার বিকালে পৌনে ৪টার দিকে নগরীর দুটি পৃথক এলাকায় অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
এর আগে গত শুক্রবার ভোররাতে আল আমীন বিজয় (১৮) নামে আরো এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ। এই নিয়ে চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলাকারী তিনজনকে গ্রেফতার করলো পুলিশ।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার তানভির আরাফাত জানান, ভিডিও ফুটেজ থেকে সাংবাদিকদের ওপর হামলাকারী যুবকদের চিহ্নিত করা হয়। পরে তাদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। গত শুক্রবার ভোরে গ্রেফতারকৃত আল আমীন বিজয় এই হামলার সঙ্গে তার নিজের সম্পৃক্ততাসহ আরো ৪ জনের নাম প্রকাশ করে। এদের মধ্যে রোববার দুই জনকে গ্রেফতার করা হলো।
প্রসঙ্গত, ১২ মার্চ লালদিঘীর মাঠে ১৪ দলের সমাবেশ চলাকালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে ছাত্রলীগের একদল উশৃংখলকর্মী কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলা চালালে বিভিন্ন টিভি চ্যানেলের ৮ জন সাংবাদিক আহত হন।
কেএইচ





