ফরিদপুরের মধুখালী উপজেলায় নসিমন ও ট্রেনের সংঘর্ষে ট্রেনে কাটা পড়ে সোয়েব (৭) ও ইমন (৬) নামে দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষ্মণদিয়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোয়েব নওপাড়া ইউনিয়নের লক্ষ্মণদিয়া গ্রামের সাজ্জাদ খান সান্টুর ছেলে ও ইমন একই গ্রামের গাফ্ফার হোসেনের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন- নাছির (৪০), ফাহিম (১০), রনি সেখ (১০), আতর আলী মল্লিক (৩৫) ও অপর একজন। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, সোমবার বিকেলে নসিমনে করে মাঠ থেকে ধান বোঝাই করে বাড়িতে ফিরছিলেন তারা।
পথে লক্ষ্মণদিয়া গেট এলাকায় নসিমনটি রেলরাস্তা পার হওয়ার সময় ভাটিয়াপাড়া থেকে কালুখালীর উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি নসিমনটিকে ধাক্কা দেয়।
এতে নসিমনটি দুমড়েমুচড়ে যায় ও ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সোয়েবের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ইমন।
এসএম





