আগামী ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনী এলাকায় সোমবার রাত ১২টা হতে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত সকল ধরনের যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

এছাড়া রবিবার রাত ১২টা থেকে বুধবার রাত ৩টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

গত ৮ এপ্রিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ বিষয়ে একটি আদেশের পরিপ্রেক্ষিতে রবিবার ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন মিয়া এ নিষেধাজ্ঞা জারি করেন বলে এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে।

তথ্য বিবরণীতে আরও বলা হয়েছে, এ নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের নির্বাচনী এজেন্ট, দেশী-বিদেশী পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। এছাড়া, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী-বিদেশী সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে) নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরী কাজে যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যূৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এসএইচ