কুমিল্লা নগরীর বারাপাড়া এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় ২ শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়। 

বুধবার ভোরে তাদেরকে আটক করা হয়। এদিন রাত সাড়ে  ৯টায় কোতোয়ালি পুলিশ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলো, নগরীর অশোকতলা এলাকার বাসিন্দা শীর্ষ সন্ত্রাসী ভন্ড (২৫) ও ফিরোজ (২৬)। তারা উভয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) চিকিৎসাধীন রয়েছেন।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পুলিশ বারাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় দুই শীর্ষ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ তাদেরকে আটক করে। তাদের বিরুদ্ধে থানায় অনেক মামলা রয়েছে বলেও জানান সামসুজ্জামান।

এমআর