দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা কে এম নাসির উদ্দীনসহ আরও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার ভোররাতে শাহজাদপুর উপজেলার ছয়আনি গ্রাম থেকে নাসিরকে গ্রেফতার করা হয়।
বাকি ৩ জনকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে নাসির উপজেলার ছয়আনি গ্রামের লাফা মিয়ার ছেলে। তিনি পৌর আওয়ামী লীগের সদস্য।
এ বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসানাত জানান, নাসির ছাড়াও ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাকি ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে পৌর মেয়রের দুই ভাই হাসিবুল হক পিন্টু ও হাবিবুল হক মিন্টুকে গ্রেফতার করে পুলিশ। শাহজাদপুর থানার ওসি রেজাউল হক জানান, মামলায় পৌর মেয়র হালিমুল হক মীরু, তাঁর দুই ভাই ছাত্রলীগ নেতা হাসিবুল হক পিন্টু এবং পাবনা জেলা জাসদের সাধারণ সম্পাদক হাবিবুল হক মিন্টুকে আসামি করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের নাম আসামির তালিকায় রয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরুর ছোট ভাই হাসিবুল হক পিন্টু শাহজাদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি বিজয় মাহমুদকে মারপিট করেন। পরে মেয়রের বাসা থেকে পুলিশ পিন্টুকে আটক করে থানায় নিয়ে আসে।
এদিকে বিজয় মাহমুদকে মারপিটের ঘটনার প্রতিবাদে ওইদিন বিকেলে এলাকাবাসী মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মেয়রের বাসার সামনে পৌঁছালে কতিপয় লোক মেয়রের বাসা লক্ষ্য করে ঢিল মারে। এক পর্যায়ে মেয়র তাঁর ব্যক্তিগত শর্টগান থেকে গুলিবর্ষণ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলি ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলসহ তিনজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে গুরুতর আহত সাংবাদিক শিমুলকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় গতকাল শুক্রবার দুপুরে বগুড়া মেডিক্যাল কলেজ থেকে ঢাকায় নেওয়ার পথে দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় এলাকায় সাংবাদিক শিমুল মারা যান। এ ঘটনায় গতকাল রাতেই শিমুলের স্ত্রী কামরুন নাহার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরু ও তাঁর দুই ভাইসহ ১৮ জনকে আসামি করা হয়।
এমবি





