ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বিক্ষোভে পুলিশ-বিজিবির সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনার প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে হরতাল পালন করছে হেফাজতে ইসলামী বাংলাদেশ।
আজ (২৮ মার্চ) রোববার সকাল সাড়ে ৯টায় ঢাকা চট্টগ্রামের সাইনবোর্ড এলাকায় গিয়ে দেখা যায় সড়ক অবরোধ করে রেখেছে কয়েক শ’ হেফাজতের কর্মী।
পরে পুলিশ, র্যাব ও বিজিবির কয়েকটি ইউনিট এসে সড়ক থেকে হেফাজত কর্মীদের সরিয়ে দেয়। ফলে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের যান চলাচল কিছুক্ষণের জন্য স্বাভাবিক হয়।
এ সময় সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের গাড়ি বহর কুমিল্লার দিকে যেতে দেখা যায়। কিন্তু সাইনবোর্ড থেকে মাত্র ১ কিলোমিটার সামনে মিজমিজি সাহেব পাড়া এলাকার সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ফেলে হেফাজত কর্মীরা। ফলে আবারো পুরো রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায়।
এই নিউজ লেখা পর্যন্ত সরজমিনে দেখা যায় সাইনবোর্ড থেকে চিটাগাংরোড পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০০ মিটার পর পর কয়েক শ’ হেফাজত নেতাকর্মীকে অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।
এ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে পুলিশ হেফাজতে ইসলামের নেতাকর্মীদের লক্ষ্য করে ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়লে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এখনো পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, হাটহাজারীসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে সংগঠনের নেতাকর্মীদের হতাহতের ঘটনায় শনিবার (২৭ মার্চ) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং রোববার (২৮ মার্চ) হরতাল ডাকে হেফাজতে ইসলাম।
এমবি





