খুলনার রূপসা সেতুতে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক কামরুল ইসলাম ও শ্রমিক রফিক শেখ নামে দু’জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সেতুর উভয় পাশে প্রায় তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে খুলনা থেকে মাওয়াসহ ১৮টি রুটে যানবাহন চলাচল।
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অপর ট্রাকের চালক জামাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
খুলনার লবণচরা থানার উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত রায় বলেন, ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-১৬-৯৭৭৮) রূপসা সেতু থেকে নামছিল। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ছোট ট্রাকের (খুলনা মেট্রো-১১-০৩৫৯) সঙ্গে এই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ছোট ট্রাকের চালক কামরুল ইসলাম মারা যান। এসময় রফিকসহ দুই ট্রাকে থাকা সাত শ্রমিক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর মৃত্যু হয় রফিকের।
এসআই আরো জানান, ট্রাক দু’টি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা, ১০ জুলাই, (টাইমনিউজবিডি.কম) // এসএইচ





