ঢাকা বারের নির্বাচিত কার্যকরী সদস্য অ্যাড. মো. আজমত হোসাইন নিখোঁজ হয়েছেন।
রোববার রাত ৮ টার দিকে ঢাকা বারের কার্যকরী কমিটির মিটিং শেষে তিনি বাসায় যাচ্ছিলেন। নগরীর সাইন্স ল্যাবরেটরি এলাকায় যাওয়ার পর গোয়েন্দা পুলিশের পরিচয়ে সাদা পোশাকের কয়েকজন লোক তাকে একটি গাড়িতে তুলে নেয়। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
সোমবার দুপুরে ঢাকা বার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বারের সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়া বলেন, বারের নির্বাচিত কার্যকরী সদস্য অ্যাডভোকেট মো. আজমত হোসাইন রোববার রাত ৮ টার দিকে বার ভবন থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ হন। এই নিখোঁজের সংবাদ তার পরিবার তাকে অবহিত করেন।
পরে তিনি ঢাকা জজকোর্টের ডিসি প্রসিকিউশনকে আজমত হোসাইন নিখোঁজের বিষয়টি অবহিত করেন। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে আজমত আলীর খোঁজ নেন অ্যাডভোকেট মহসিন। কিন্তু ডিবি কার্যালয়ে তখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
অ্যাডভোকেট মহসিন আরো জানান, সোমবার দুপুর ১ টার দিকে ডিবি কার্যালয় থেকে রিমান্ডের আসামিদের কোর্টে হাজির করা হয়। এসময় বারের সহ-সভাপতি সিনিয়র আইনজীবী এসএম কামাল উদ্দিনকে নিশ্চিত করা হয় যে, অ্যাডভোকেট আজমত হোসাইন ডিবি কার্যালয়ে আছেন।
এরই প্রেক্ষিতে ঢাকা বারের আইনজীবী সমিতির সভাপতির কক্ষে অ্যাভোকেট মহসিন মিয়া তার মুক্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে মহসিন মিয়া আরো বলেন, বর্তমান ঢাকা বারের ইসি মেম্বার আজমত আলীকে আইনের আশ্রয়ে না আনা হলে, বারের পক্ষ থেকে আন্দোলন ও কোর্ট বর্জন করা হবে। তিনি আরো বলেন, অ্যাডভোকেট আজমত আলীর স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা। তিনি তার স্বামীকে মুক্ত অবস্থায় পাওয়ার জন্য সকল আইনজীবী এবং প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন; ঢাকা বারের সেক্রেটারি অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন ও এডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ।





