কক্সবাজার জেলার রামুতে বাংলাদেশ সেনাবাহিনীর নির্মাণাধীন স্থায়ী সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সেনাপ্রধানকে বহনকারী বিশেষ হেলিকপ্টার রামু গ্যারিসনের ৩১ বীর ব্যাটালিয়ন হেলিপ্যাডে অবতরণ করে। পরে তিনি স্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন।
২৪ পদাতিক ডিভিশন চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল ছাব্বির আহম্মেদ, ফাঁসিয়াখালী ৬৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মঈনুদ্দিন মোহাম্মদ চৌধুরী পিএসসি, ৩১ বীর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাজহারুল আল-কবির খোকন, উপ-অধিনায়ক মেজর কামাল পাশা পিএসসি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
রামুতে নির্মিত বাংলাদেশ সেনাবাহিনীর স্থায়ী ক্যাম্পটির নির্মাণ কাজ শেষের পথে। সেনাবাহিনীর স্থায়ী ক্যাম্পটি উদ্বোধন করতে ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার রামুতে আসার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী এ সময় সেনাবাহিনীর একটি ডিভিশন, দুটি পদাতিক ইউনিট, একটি পদাতিক ব্রিগেড ও একটি আর্টিলারি ইউনিটসহ পূর্ণাঙ্গ স্থায়ী সেনানিবাস উদ্বোধন করবেন বলেও জানা গেছে।
একে





