রাজশাহীতে অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার করেছে পুলিশ। একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এ সব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এসময় দুই যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রাজশাহীর পবা উপজেলার মুরারিপুর এলাকায় তল্লাশি চালানো হয়।

আটকরা হলো-বগুড়ার শেরপুর উপজেলার ঝিনাইগাছি থানার রাঙ্গাটিয়া গ্রামের আদিবাসী কিশোর যুগান্ত কোস (১৬) এবং আরমান আলী (১৬)।

রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও পবা থানা পুলিশ বৃহস্পতিবার বিকালে উপজেলার মুরারিপুর এলাকায় চেকপোস্ট বসায়।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে স্কুল ব্যাগের মধ্য লুকিয়ে রাখা দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় যুগান্ত ও আরমানকে আটক করা হয়।

বর্তমানে তাদের থানায় রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

এমকে