প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা জানিয়েছেন, আগামী জুলাই মাসে দেশের পাঁচ সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে বলেও জানান তিনি।

আজ (বৃহস্পতিবার) সকালে রাজশাহীর পবা উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সিইসি বলেন, গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচনের আগেই। কখন কোন তারিখে নির্বাচন হবে তা এখনও ঠিক হয়নি। তবে প্রাথমিকভাবে বলতে পারি, সব নির্বাচন হবে জুলাই মাসের মধ্যে।  

নুরুল হুদা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০১৯ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি অথবা এই বছরের ডিসেম্বরের শেষের দিকে।

অর্থাৎ ডিসেম্বরের ২০ এর পর থেকে জানুয়ারির ২০ তারিখের মধ্যেই এই নির্বাচনও হবে। এবার সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। তবে সেটা কি পরিমাণে ব্যবহার করা হবে তা নির্ভর করবে ইভিএম মেশিন সম্পর্কে প্রশিক্ষণের ওপর।

উল্লেখ্য, পাঁচ সিটি করপোরেশনের বর্তমান নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হচ্ছে আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে। এর মধ্যে গাজীপুরের ৪ সেপ্টেম্বর, খুলনার ২৫ সেপ্টেম্বর, রাজশাহীর ৫ অক্টোবর, সিলেটের ৮ অক্টোবর ও বরিশালের ২৪ অক্টোবর নির্বাচনের পাঁচ বছর পূর্ণ হবে।  

এমবি