ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘বিজয় এক্সপ্রেসের’ যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার রাত ৮টায় রেলমন্ত্রী মুজিবুল হক ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন।

এর আগে, সন্ধ্যায় স্থানীয় রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী।

রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, খালেদা জিয়ার আমলে রেলপথ ছিল অবহেলিত। ২০০৯ সালে জননেত্রী শেখ হাসিনা রেলপথকে সেবাবান্ধব ও উন্নত করার লক্ষ্যে অলাদা রেলমন্ত্রণালয় গঠন করে রেলপথ আধুনিকায়নের মহাপরিকল্পনা হাতে নিয়ে কাজ শুরু করেন। বর্তমানে রেলপথের উন্নয়নে ১১৯টি প্রকল্প চলমান রয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা রেলপথ উন্নায়নে নতুন ইঞ্জিন কিনেন আর নতুন রেলপথ তৈরি করেন। আর আরেক নেত্রী খালেদা জিয়া রেলে আগুন দিয়ে তা ধ্বংস করেন।

তিনি আরও বলেন, তারেক রহমান বেয়াদবী করেছে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে। এ বেয়াদবীর শাস্তি হওয়া উচিত।

এ সময় রেল মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মনসুর আলী সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান। আরও বক্তব্য রাখেন- ফাতেমা জহুরা রানী এমপি, রেলের ডিজি তফাজ্জল হোসেন, ডিসি মুস্তাকীম বিল্লাহ ফারুকী, হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক খান প্রমুখ।

এদিকে, রেলের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা প্রণবেশ সরকার জানান, ১২টি বগি সম্পন্ন বিজয় এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন রাত ৮টা থেকে ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে পৌঁছাবে ভোর ৪টা ৫০ মিনিটে। আর চট্টগ্রাম থেকে সকাল ৭টা ২০ মিনিটে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে যাত্রা শুরু করে পৌঁছবে বিকেল ৪টা ২৫ মিনিটে।

তবে সপ্তাহে শুধুমাত্র মঙ্গলবার এ ট্রেনটি বন্ধ থাকবে। ফলে বুধবার চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশে ট্রেনটি আসবে না।

কেএইচ