সুন্দরগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্র শিশু শাহাদত হোসেন সৌরভকে (০৯) গুলি করে হত্যার চেষ্টা মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের অন্তর্র্বতীকালীন জামিনের মেয়াদ পঞ্চম দফায় আবারও বর্ধিত করেছেন আদালত।
জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধা আমলী আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান শিকদার এ আদেশ দেন।
এর আগে, গত ১৬ জানুয়ারি একই আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চতুর্থ দফায় অর্ন্তবর্তীকালীন জামিনের সময় বৃদ্ধি করেছিলেন। এ নিয়ে এমপি লিটনের অন্তর্র্বতীকালীন জামিনের মেয়াদ পাঁচবার বৃদ্ধি হল।
গাইবান্ধা কোর্ট (সিএসআই) মো. আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এমপি লিটন অন্তবর্তীকালিন জামিনে ছিলেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক মামলার জামিনের সময় বৃদ্ধি করেন। তবে জামিন বৃদ্ধির পরবর্তীর তারিখ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
এমপি লিটনের আইনজীবী সিরাজুল ইসলাম বাবু জানান, এমপি লিটনের স্থায়ী জামিন চেয়ে আমলী আদালতে (সুন্দরগঞ্জ) পঞ্চম দফায় আবেদন করা হয়। কিন্তু বিচারক স্থায়ী জামিন নামঞ্জুর করে জামিনের সময় বর্ধিত করেছেন।
উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর এমপি লিটনের পিস্তুলের গুলিতে আহত হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদত হোসেন সৌরভ।
ছাদেক/জেএইচ





