সদ্য প্রয়াত একুশে পদকপ্রাপ্ত যুক্তরাষ্ট্র প্রবাসী কবি শহীদ কাদরীর মরদেহ বুধবার (৩১ আগস্ট) ভোরে ঢাকায় এসে পৌঁছাবে। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তার মরদেহ আনা হবে।
নিউ ইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শামীম আহসান অন্য একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শহীদ কাদরীর মরদেহ ঢাকায় নেওয়ার সব খরচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহন করবেন।
এদিকে নিউ ইয়র্কের স্থানীয় সময় রোববার বাদ মাগরিব জ্যামাইকা মুসলিম সেন্টারে কবি শহীদ কাদরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
রোববার (২৮ আগস্ট) সকালে লং আইল্যান্ড এলাকার নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে কবি শহীদ কাদরী (৭৪) শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে কিডনির জটিল সমস্যায় ভুগছিলেন। এছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। গত ২০ আগস্ট থেকে নিউইয়র্কের জ্যামাইকার বাসায় কবির শারীরিক অবস্থার অবনতি হলে ২১ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরের দিকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও রোববার সকালে ইহলোকের মায়া কাটিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যে অনেক শ্রেষ্ঠ কবিতার স্রষ্টা শহীদ কাদরী।
১৯৭৩ সালে বাংলা একাডেমি ও ২০১১ সালে একুশে পদকে ভূষিত হন এ কবি।
এমএনজে





