কুমিল্লার চৌদ্দগ্রাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়ার বাজার জগনমহনপুর নামক স্থানে বাসে পেট্রলবোমা হামলায় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়েছে। নিহতদের সবাই পুরুষ। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৬ জন। আহতদের ঢাকা, কুমিল্লা ও চৌদ্দগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ (মঙ্গলবার) রাত সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজে আসা অগ্নিদগ্ধ তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন ফেরিওয়ালা শফিকুল (২০), কাঁচামাল ব্যবসায়ী হানিফ (২৯) ও রাশেদুল ইসলাম (২২)।
আহত যাত্রী চট্টগ্রামের কামাল হোসেন জানান, যাত্রীরা সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আলোর ঝলকানিতে বাসটিতে আগুন ধরে যায়। তখন মনে হলো কেয়ামত নেমে এসেছে। সাতজন ঘুমের মধ্যে পুড়ে মারা যান। আহতরা চলন্ত বাস থেকে লাফিয়ে প্রাণ বাঁচিয়েছেন।
মিয়ার বাজার হাইওয়ের ওসি নাজিম উদ্দিন ঘটনারসত্যতা নিশ্চিত করে জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহন নামক বাসে দুর্বৃত্তরা পেট্রলবোমা হামলা চালালে এ ঘটনা ঘটে।
কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনির হোসেন জানিয়েছেন, পেট্রোল বোমা হামলার পরে বাসটি পুরোপুরি পুড়ে গেছে। দমকল কর্মীরা আগুন নেভানোর পর ভস্মীভূত বাসটি থেকে সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কুমিল্লা ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী উত্তম কুমার চক্রবর্তী জানান, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
ইআর/এএইচ





