কুমিল্লার দেবিদ্বার থানার ওসি মো: জহিরুল আনোয়ারকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের সব কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণপাড়া-দেবিদ্বার সার্কেল এএসপি আমিরুল্লাহ এই বিষয়টি নিশ্চিত করেছেন।
এএসপি আমিরুল্লাহ জানান, বিশেষ কারণে দেবিদ্বার থানার ওসি মো: জহিরুল আনোয়ারকে নির্বাচনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, সরকারি নির্দেশনা এসেছে নির্বাচনি কার্যক্রম থেকে বিরত থাকতে, তাই দুদিনের ছুটি নিয়ে রাতেই দেবিদ্বার ত্যাগ করেছি।
আজ (২৮ ফেব্রুয়ারি) রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত দেবিদ্বারে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলবে।
গত বছরের ০৩ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।
এর আগে তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ ও সংঘাত ছড়িয়ে পড়ে। নির্বাচনে ভোটারদের রয়েছে নানা ভয়-শঙ্কা। তবে জেলা রিটার্নিং অফিসার মো: জাহাঙ্গীর হোসেন জানান, এ নির্বাচনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৩৭ হাজার ও কেন্দ্র রয়েছে ১১৪টি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি রয়েছে।
এমবি





