সরকারি ও বেসরকারিভাবে ঈদের ছুটি শুরু হবে সোমবার। কিন্তু এবার ঈদের ছুটির আগে ও পরে শুক্র-শনিবার বন্ধ থাকায় সরকারি চাকরিজীবীরা অঘোষিতভাবে ঈদের ছুটি উপভোগ করবে টানা নয় দিন। যারফলে ২৪ জুলাই বৃহস্পতিবার থেকে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ।

এছাড়া ঈদের তিন দিন আগে শনিবার থেকে ঈদের তিন দিন পর শুক্রবার পর্যন্ত মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচলে সরকারি নিষেধাজ্ঞা থাকায় স্ব-স্ব গন্তব্যস্থলে পৌঁছার তাগিদে ট্রাক-পিকআপ-লরি চালকরা ব্যস্ত হয়ে পড়েছেন। যারফলে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী অতিরিক্ত যানবাহন চলাচল করায় যানবাহনের তীব্র চাপ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার সরেজমিনে মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ঘুরে দেখা গেছে, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার অবাধ বিচরণে যান চলাচলের তীব্র চাপ দেখা দিয়েছে। সাময়িক কিছু সমস্যাতেই সৃষ্টি হচ্ছে যানজট।

এদিকে, প্রতিটি স্টেশনে ৫-৭ সদস্যের পুলিশ সদস্য, কমিউনিটি পুলিশ নিরলসভাবে কাজ করার পরও কিছুতেই সড়ককে যানজট মুক্ত রাখতে পারছে না। মাঝে মধ্যে রাস্তার উপর হঠাৎ গাড়ি বিকল, মহাসড়কের ফোর লেন কাজে যান চলাচলে বাধা সৃষ্টি হয়ে যানজট হচ্ছে বলেও জানান পুলিশ ও গাড়ি চালকরা।

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির অফিসার ইন-চার্জ (ওসি) মশিউর রহমান জানান, বৃহস্পতিবার থেকেই রাজধানী ঢাকা ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। ওই যাত্রীবাহী বাসের সাথে গত ২ দিন ধরে পণ্যবাহী গাড়ির তীব্র চাপ দেখা দেওয়ায় এবং ফোর লেনের কাজে মাটি-পাথরবাহী ট্রাক পাকা সড়কে উঠানামা করায় যানজট দেখা দিয়েছে।

তবে যানজট নিরসনে স্টেশন এলাকাগুলোসহ মহাসড়কের কুমিল্লা অংশে দেড় শতাধিক হাইওয়ে পুলিশ, ২ শতাধিক জেলা পুলিশের সাথে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক কাজ করছে। এছাড়া ময়নামতি সেনানিবাস এলাকায় যানজট নিরসনে ফ্লাইওভার ব্যবহার করার জন্য মহাসড়কের মাঝে ব্যারিকেড দেওয়া হয়েছে। প্রতিটি স্টেশনে যাতে যত্র-তত্র গাড়ি পার্কিং করতে না পারে সেজন্য চালকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য মাইকিং করা হচ্ছে এবং দুর্ঘটনা কবলিত বা বিকল যানবাহন দ্রুত মহাসড়কের উপর থেকে সরিয়ে নিতে বিভিন্ন পয়েন্টে র্যা কার মজুদ রাখা হয়েছে।

তবে শনিবার পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ ও ফোর লেনের কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হলে বড় কোন দুর্ঘটনা ছাড়া যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করেন ওসি মশিউর রহমান।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এএইচ