পঞ্চগড়ের দেবীগঞ্জে-নীলফামারী প্রধানেরহাট এলাকায় বাসচাপায় উপজেলা কৃষি কর্মকর্তাসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারী জেলার ডোমার উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল ইসলাম স্বপন (৩৫)। তার বাড়ি গাইবান্ধায়। এবং দেবীগঞ্জ উপজেলার সোনাহার প্রধানপাড়া এলাকার তমিজউদ্দিনের ছেলে জাকিরুল ইসলাম মাহান (৪৫)। তিনি মাছের ব্যবসা করেন।
এ দুর্ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী নাইটকোচটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাকিরুল ইসলামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে দেবীগঞ্জ-নীলফামারী মূল সড়কে ওঠার সময় ঢাকা থেকে দেবীগঞ্জগামী মায়ের আঁচল নাইটকোচটি তাদের চাপা দেয়। ঘটনাস্থলে দু’ জন নিহত হন।
উপজেলার সোনাহার ইউনিয়নের চেয়ারম্যান রহিমুল ইসলাম বুলবুল ডটকমকে জানান, কোচের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ লোকজন কোচটিতে আগুন ধরিয়ে দেয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
এমএম





