দুই পুলিশ সদস্যকে পেটানোর ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেফতার করেছে র‌্যাব। ২০ দলীয় জোটের ডাকা অবরোধের প্রথম দিন রাজশাহীতে অস্ত্র কেড়ে নিয়ে পুলিশ পেটানোর ঘটনায় তাদের গ্রেফতার করা হয়।

রাজশাহী র‌্যাবের এএসপি মির্জা গোলাম সারোয়ার জানান, বৃহস্পতিবার গভীর রাতে নগরীর আসাম কলোনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এরা হলেন- আসাম কলোনির আব্দুস সামাদের ছেলে ইলিয়াস, ইসমাইল হোসেনের ছেলে শামসুদ্দিন ও খোরশেদ দেওয়ানের ছেলে নিজাম উদ্দিন।

৩জনই ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত জানিয়ে র‌্যাব কর্মকর্তা সারোয়ার বলেন, পুলিশের ওপর হামলার ঘটনার ভিডিওচিত্র দেখে তাদের সনাক্ত করা হয়েছে।

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন 'গণতন্ত্র হত্যা দিবস' পালন করতে না পারায় সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

অবরোধের প্রথম দিন রাজশাহী নগরীর সপুরা ওয়াসা ভবনের সামনে পুলিশের ওপর হামলা এবং অস্ত্র কেড়ে নিয়ে পুলিশ সদস্যকে পেটায় অবরোধকারীরা।

এএসপি বলেন, “এই ৩ শিবির কর্মী পুলিশ পেটানোতে সরাসরি জড়িত ছিল। ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়েছে।”

শুক্রবার সকালে তাদের নগরীর শাহমুখদুম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এমকে