ইসলামি সহযোগিতা সংস্থা(ওআইসি) মহাসচিব আয়াদ আমিন মাদানির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
মঙ্গলবার জেদ্দাস্থ ওআইসি সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী হিসাবে প্রথমবারের মতো সংস্থার সদর দপ্তরে আসায় আবুল হাসান মাহমুদ আলীকে স্বাগত জানান ওআইসি মহাসচিব আয়াদ আমিন মাদানি। আয়াদ মাদানী চলতি বছরের ৯-১১মার্চ তার বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন। এ সময় ওআইসিতে যোগদানের পর থেকে সংস্থার মূলনীতি বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।
আয়াদ মাদানি বলেন, বাংলাদেশে শান্তি ও মুসলিম উম্মাহর উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখায় সাহায্য প্রদান করে আসছে ওআইসি। তিনি আরও বলেন, বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নে তার লক্ষ্যমাত্রা অর্জন করতে সমর্থ হয়েছে। ওআইসি মহাসচিব বাংলাদেশে নারী ক্ষমতায়নের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করেন এবং বাংলাদেশের সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ওআইসির সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পররাষ্ট্রমন্ত্রী এবং ওআইসি মহাসচিব আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ব্যপারে ঐক্যমত্য পোষণ করেন। এসময় মন্ত্রী ওআইসি মহাসচিবকে বাংলাদেশের আঞ্চলিক ও উপ-আঞ্চলিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। বিশেষ করে তিনি বিমসটেক ও বিসিআইএম এর কথা উল্লেখ করেন।
এর আগে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলামের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী। ওআইসির সহকারী মহাসচিব এবং ওআইসির বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকা, ১৮ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





