বকেয়া বেতনের দাবিতে গতকাল বুধবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। পাশাপাশি শ্রমিকেরা কারখানার মালিক ও পরিচালকদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, টঙ্গীর বিসিক শিল্প এলাকার কেন্টো এশিয়া লিমিটেড কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের আগস্ট মাসের বেতন ও ঈদ বোনাস দেয়নি। পরে কারখানা ছুটি হয়ে যায়। ঈদের পর ২০ সেপ্টেম্বর কারখানা খোলার দিন শ্রমিকেরা প্রধান ফটকে কারখানা বন্ধের নোটিশ ও তালা ঝুলতে দেখেন। গতকাল সকাল নয়টার দিকে শ্রমিকেরা বকেয়া বেতন, অন্যান্য পাওনা পরিশোধসহ বিভিন্ন দাবিতে কারখানার ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দেয়।
কারখানার শ্রমিক শিল্পী আক্তার বলেন, ‘আমাদের কিছু না বলে কর্তৃপক্ষ পাওনা পরিশোধ না করেই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। আমরা কাজ চাই, সময়মতো বেতন চাই।’
টঙ্গী থানার উপপরিদর্শক মো. আবুল খায়ের বলেন, ঈদের আগে বোনাস ও বেতন-ভাতা না দিয়ে কারখানা ছুটি হয়ে যায়। পরে খোলার দিনে কারখানা বন্ধের নোটিশ ও গেটে তালা ঝুলতে দেখে গতকাল সকালে শ্রমিকেরা বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁদের সরিয়ে দিলে শ্রমিকেরা টঙ্গী থানায় অবস্থান নেন। এ সময় শ্রমিকদের পক্ষ থেকে অপারেটর সোহাগ মিয়া কারখানা কর্তৃপক্ষের পাঁচজনের নাম উল্লেখ করে থানায় জিডি করেন।
এম এ





